News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহিলা কলেজের সামনে বাইপাস সড়ক চালু করতে নাসিকের উচ্ছেদ অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:০৯ পিএম মহিলা কলেজের সামনে বাইপাস সড়ক চালু করতে নাসিকের উচ্ছেদ অভিযান

নগরীর প্রধানতম বঙ্গবন্ধু সড়ক থেকে যানবাহনের চাপ কমাতে এবং নগরবাসীকে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি দিতে ২নং রেলগেট এলাকা থেকে চাষাঢ়া সরকারি মহিলা কলেজ পর্যন্ত বাইপাস সড়কটি চালুর উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

মঙ্গলবার ৯জুন সকালে চাষাঢ়ায় সরকারি মহিলা কলেজের প্রধান গেটের সামনে সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তবে রাস্তাটি সম্পূর্ণভাবে চালু করার পূর্বে সরকারি মহিলা কলেজে যাওয়া আসার জন্য নতুন রাস্তা এবং প্রধান ফটক সহ বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দিবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

মহিলা কলেজের শিক্ষার্থীর যাতায়াতের রাস্তা এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ শেষে জনসাধারণের চলাচলের জন্য সরকারি মহিলা কলেজের বর্তমান বাউন্ডারি দেয়াল ভেঙে দিয়ে জনসাধারণ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা।

উচ্ছেদ অভিযান চলাকালীন সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সিইও নূর কুতুব এ আলম সহ অন্যান্য কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ মহিলা কলেজের নতুন এবং পুরাতন উভয় অধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন কলেজের শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আগে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাস্তা এবং বাউন্ডারি দেয়ালটি নির্মাণ করে দিয়ে জনসাধারণের চলাচলের জন্য বাইপাস এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হবে। আর গেটের পাশে আজকে যে উচ্ছেদ হয়েছে এটি সরকারি জমি। এখানে একটি পরিবার বসবাস করতো তাদেরকেও আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিবো।