নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবি রোডের একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী বাড়িটি দৈনিক কালবেলা পত্রিকার সহ-সম্পাদক ও সাংবাদিক মো: রাসেল (আদিত্য) এর। চোরেরা বাসার দরজার শিকল ও ট্রাংকের তালা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, একটি নতুন স্মার্টফোন এবং ওনার মায়ের ব্যবহৃত ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার (৯জুন) সকালে এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন সাংবাদিক মো: রাসেল।
এজাহার সূত্রে জানা গেছে, সাংবাদিক মো: রাসেল (আদিত্য) নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বিবি রোডের ২৪৩ নম্বর বাসার ২য় তলার উত্তর পাশের ফ্ল্যাটে বিগত ৯ বছর যাবৎ তাঁর মাতাকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। প্রতিদিনের মতো গত রাতে (৯ জুন) আনুমানিক রাত ৩টার দিকে শয়নকক্ষের দরজা-জানালা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ফ্ল্যাটের পূর্ব পাশের রুমের দরজার হ্যাজবোল্টের শিকল ভাঙা এবং দরজা খোলা অবস্থায় রয়েছে। ঘরের ভেতরের মালামাল ছিল এলোমেলো। চোরেরা রুমের ভেতর রক্ষিত একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জি ভেঙে ভেতরে থাকা খাম থেকে নগদ ২৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা মূল্যের একটি নতুন ‘ভিভো’ মডেলের মোবাইল ফোন এবং ওনার মায়ের ব্যবহৃত আনুমানিক ৬ লক্ষ টাকা মূল্যের ৩ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কারসহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী সাংবাদিক মো: রাসেল জানান, রাতের খাবার খেয়ে রাত ৩ টার সময় রুম তালাবদ্ধ করে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। পরে সকাল ৮ টায় ঘুম থেকে উঠে দেখি দরজার হ্যাজভোল্ট ভেঙ্গে ট্রাংক ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ দামি আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।
সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল উদ্ধারসহ চোর চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আমাদের ২ জন অফিসার এই বিষয়ে কাজ করছে। এ বিষয়ে মামলা হবে।

































আপনার মতামত লিখুন :