News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাসিকে যে ওয়ার্ডে ডেঙ্গু সর্বনিম্ন থাকবে সেখানে পুরস্কার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:৩০ পিএম নাসিকে যে ওয়ার্ডে ডেঙ্গু সর্বনিম্ন থাকবে সেখানে পুরস্কার

আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ১৬টি নতুন ফগার মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এই মেশিন বিতরণ করেন।

প্রশাসক মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে সংস্থাটির মজুদে ৭০টি ফগার মেশিন এবং ১৭০টি হ্যান্ড স্প্রে মেশিন রয়েছে। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে অতি শিগগিরই অতিরিক্ত ফগার ও হ্যান্ড স্প্রে মেশিন ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিকসেবা। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উপস্থিত সকল ওয়ার্ড সচিব, মশক নিধন সুপারভাইজার এবং মশক নিধন কর্মীদের উদ্দেশ্যে প্রশাসক নির্দেশনা প্রদান করেন যাতে তারা নিজ নিজ এলাকায় নিয়মিত তদারকি, মশার প্রজননস্থল শনাক্তকরণ ও ধ্বংসকরণ এবং মশক নিধন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা হয়।

সেই সাথে কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহিত করতে প্রশাসক একটি বিশেষ প্রণোদনা কর্মসূচিরও ঘোষণা দেন।

তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বনিম্ন বা শূন্য থাকবে, সেই ওয়ার্ডের ওয়ার্ড সচিব, মশক নিধন সুপারভাইজার এবং মশক নিধন কর্মীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা এবং জনসচেতনতার মাধ্যমে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর  প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।