News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ এখন বন্দর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৯:৫৪ পিএম অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ এখন বন্দর
নিহত জোবায়ের

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা এখন এক অশান্ত জনপদ রূপ নিয়েছে। গত কয়েক মাসে উপজেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকা-ের যে মহোৎসব শুরু হয়েছে, তাতে সাধারণ মানুষের আতংক বিরাজ সৃষ্টি হয়েছে। অপরাধ দমনে ব্যর্থ থানার ওসি। পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তায় খোদ পুলিশ সদস্যরাই এখন সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিচার চাইতে গেলে উল্টো পুলিশের পক্ষ থেকে ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে।

‎বন্দরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সবচেয়ে বড় প্রমাণ হলো চৌধুরী বাড়ি এলাকায় ৯৯৯-এ কল পেয়ে অপরাধী ধরতে গিয়ে পুলিশের ওপর বর্বরোচিত হামলা। দুর্ধর্ষ সিফাত বাহিনীর সদস্যরা এএসআই ও কনস্টেবলকে কুপিয়ে রক্তাক্ত করে পুলিশের সরকারি শর্টগান ছিনিয়ে নিয়ে বীরদর্পণে এলাকা ত্যাগ করে। যে ওসি নিজের ফোর্সের নিরাপত্তা দিতে পারেন না এবং যাদের হাত থেকে সরকারি অস্ত্র লুট হয়, সেই ওসির ওপর বন্দরবাসী কীভাবে আস্থা রাখবে-তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে।

পুলিশের অস্ত্র ছিনতাইয়ের পর সিফাত বাহিনী আরও বেপরোয়া হয়ে ওঠে। গত ১৭ মে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় ‘ঢালী বিরিয়ানি হাউজে’ প্রকাশ্যে হামলা চালিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না পেয়ে দোকানের ক্যাশ বাক্স ভেঙে ২ লক্ষাধিক টাকা লুট এবং কর্মচারীদের মারধর করা হয়। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ এই বাহিনীকে দমনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে।‎

‎মদনগঞ্জে ড্রেজার ব্যবসা ও মাদকের প্রতিবাদ করায় মাকসুদুর রহমান জুয়েলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং অতিসম্প্রতি মাত্র একটি মোবাইলের জন্য এনায়েতনগর ভাঙা ব্রিজে হোসিয়ারি শ্রমিক জোবায়েরকে (১৮) ছুরিকাঘাতে খুনের ঘটনায় বন্দর জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। ৪ দিন মৃত্যুর সাথে লড়াই করে জোবায়েরের মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতা মরদেহ নিয়ে থানা ঘেরাও করতে বাধ্য হয়।