দেশব্যাপী অব্যাহতভাবে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে ২৪ সে বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের নির্ধারিত প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি ও জাহিদুল হক দীপু।
রফিউর রাব্বি বলেন, দেশব্যাপী এমনি শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা এক দিকে রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা অন্যদিকে সমাজের অভ্যন্তরে সাংস্কৃতিক ও নৈতিক-মূল্যবোধের ভয়ানক অবক্ষয়ের চিত্রকেই প্রকাশ করছে। হঠাৎ করেই সমাজের কিছু সংখ্যক মানুষ ধর্ষক হিসেবে আত্মপ্রকাশ করেনি। এটি সমাজে দীঘদিন ধরে বিরাজমান অবক্ষয়ের বাস্তবতা। সমাজে আইন আছে কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। যে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় তা আজ হয়ে উঠেছে শিশু ধর্ষণ ও নির্যাতনের কারখানা। আমরা দেশকে নিয়ে কোন ভবিষ্যতের দিকে যাচ্ছি? কাদের দিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়বো, কারা হবে ভষ্যিৎ কারিগর? এই প্রশ্নটির উত্তর আমাদের পেতে হবে। জাতিসংঘের শিশু বিষয়ক প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু আমাদের সরকার যদি এতে উদ্বিগ্ন না হয় তা হলে দেশের গন্তব্য ভয়াবহ এক অন্ধকারে।
জাহিদুল হক দীপু বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিভাবকরা আজকে উদ্বিগ্ন। দেশে আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ না থাকার কারণে অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারকে শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মনি সুপান্থ বলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন পারে এই ভয়াবহ সামাজিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি জহিরুর ইসলাম মিন্টু, এড. মুন্নি সরদার, কবি সেলিম, শিল্পী প্রিয়ন্তী আমিন, বাউল শাহজালাল ফকির, শিক্ষক বিজয় কর্মকার প্রমুখ।


































-20260522173818.jpg)



আপনার মতামত লিখুন :