News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী আইনজীবীদের ‘নর্তকী’ সম্বোধন, বস্তি রিকশাওয়ালা ব্যবহার করে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৮:৫৮ পিএম নারী আইনজীবীদের ‘নর্তকী’ সম্বোধন, বস্তি রিকশাওয়ালা ব্যবহার করে না

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নারী আইনজীবীদেরকে নর্তকী সম্বোধন করায় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও অ্যাডভোকেট রফিক আহমেদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন বলেন, আমরা সকল আইনজীবীরা একসাথে মিলেমিশে আইনি কার্যক্রম পরিচালনা করি। আমরা সকলে আইনজীবী পরিবার। আমাদের মধ্যে মতের মিল নাও হতে পারে। এজন্য এ ধরনের অশ্রাব্য ভাষা ব্যবহার করা কোনোভাবেই কাম্য না। এ ধরণের অশ্রাব্য ভাষা ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে ভাষা উচ্চারণ করেছে সেগুলো বস্তি ও রিকশাওয়ালারাও আজকাল ব্যবহার করে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী ক্ষমতায়নের কথা বলছে। সেখানে নারী আইনজীবীরা তাদের পেশাগত কাজ পরিচালনা করতে গিয়ে যদি নর্তকী উপাধি পেতে হয় এর চেয়ে দু:খজনক আর কিছু হতে পারে না। আমি এ বিষয়ে হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফাতেমা মাসুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সীমা সিদ্দীকি, অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী, অ্যাডভোকেট রাসেল প্রধান ও অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

অ্যাডভোকেট ফাতেমা মাসুদ বলেন, একজন আইনজীবীর কাছ থেকে এ ধরনের অশ্রাব্য ভাষার ব্যবহার কখনও কাম্য না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে গত ২৩ মে দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও জেলা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আইনজীবী বলেন, “এই কোর্টে কয়েকজন নর্তকী আছে যারা পুরুষখেকো যারা পুরুষদের নিয়ে ঘুরতে ভালোবাসে। আইন পেশা করে না, খালি আইনের পোশাক পরে এসে বেটাছেলেদের নিয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে ঘুরে আর নর্তকীগিরি করে।’’ 

তবে এ বিষয়ে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমি সমাজের প্রতিটি নারীকে সম্মান রেখে বলছি, যে নারীরা সৎ ও সুচরিত্রের অধিকারী তাদেরকে হাজার বার সালাম জানাই। আর যারা অসৎ ও নারী নাামে কুলাঙ্গার এবং বেয়াদব ও আচরণে বিশেষ ভঙ্গিমা আছে, তাদেরকে নর্তকি বলা হয়েছে। আমি সাদাকে সাদা; কালোকে কালো বলবোই।