News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিহত অটোরিকশা চালক মুমিনের পরিবারকে এমপি মান্নানের সহায়তা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:৫৩ পিএম নিহত অটোরিকশা চালক মুমিনের পরিবারকে এমপি মান্নানের সহায়তা

সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নিহত অটোরিকশা চালক মো. মুমিনের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

পূর্বের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রোববার (২৪ মে) দুপুরে এবার নিহত মুমিনের পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, সোনারগাঁ উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে নৃশংস হামলার শিকার হন অটোরিকশা চালক মো. মমিন (৪০)।

স্থানীয়দের অভিযোগ, কথিত লাইনম্যান শাহিন প্রথমে মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা নেন। পরে পুনরায় টাকা দাবি করলে মমিন তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দু’জনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহিন লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিহত মমিনের বাড়িতে ছুটে যান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে সাথে নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহতের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে এমপি মান্নান বলেন, মুমিনের পরিবার যেন অসহায় না হয়ে পড়ে, সেজন্য আমি সবসময় তাদের পাশে থাকবো। পরিবারের আর্থিক সহায়তার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।একই সাথে দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হবে বলেও জানান তিনি।