News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ময়লার ভাগাড়ে খাবার খেয়ে তনুর প্রতিবাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৮:০৮ পিএম ময়লার ভাগাড়ে খাবার খেয়ে তনুর প্রতিবাদ

নারায়ণগঞ্জ শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্গন্ধময় পরিবেশে বসে খাবার খেয়ে অবিনব প্রতিবাদ জানিয়েছেন উই আর ভলেন্টিয়ার্স নামে একটি সামাজিক সংগঠন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উই আর ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। তাঁর এই অভিনব প্রতিবাদে সংগঠনটির অন্য সদস্যরাও যোগ দিয়েছেন।

আহমেদুর রহমান তনু বলেন, নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিদ্যালয়ের পাশের ময়লার ভাগাড়ের দুরবস্থা তাঁর নজরে আনা জরুরি। এখানে এমন দুর্গন্ধ ছড়ায় যে মানুষ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না, স্বস্তিতে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। অথচ এই পরিবেশের মধ্যেই কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন পড়াশোনা করতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেই নয়, নগরের বিভিন্ন স্থানেও একই ধরনের পরিস্থিতি দেখা যায় বলে উল্লেখ করেন তনু। তিনি কালিরবাজার, করিম মার্কেট ও লিংক রোডের নাজুক অবস্থার কথা তুলে ধরে বলেন, এসব এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচল। নগরের গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এমন নোংরা পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাঁদের ওপর পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব, তাঁদের কার্যকর ভূমিকা কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি।

তনুর অভিযোগ, ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা সংস্থাগুলোর তৎপরতা চোখে পড়ছে না। শহরের বিভিন্ন স্থানে ময়লা পড়ে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও ব্যস্ত সড়কের আশপাশে এমন পরিস্থিতি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। এই স্থানটি সহ শহরের গুরুত্বপূর্ণ যে সব স্থানগুলোতে ময়লা ফেলা হয় সেগুলো পরিস্কারের জন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বয় মিটিংয়ের আহŸান করা হয়েছে। মিটিংয়ে সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত অনুযায়ী পরিস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। তবে জনসাধারণের প্রতি অনুরোধ থাকবে; পরিস্কার করার পর এসকল জায়গাগুলোতে যেন ময়লা ফেলা না হয়। আমাদের সবাইকে সচেতন হতে হবে।