দীর্ঘদিন পর অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে নারায়ণগঞ্জের তরুণ ভোটারদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রথমবার ভোট দিতে এসে আবেগাপ্লুত হন একটি বেসরকারী অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন। দেওভাগে ভোট দিয়ে তিনি বলেন, প্রথম প্রেমের মতোই অনুভূতি হচ্ছে আজ।
জীবনের এই মুহূর্তটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি। তার প্রত্যাশা, এই ভোট দেশের জন্য নতুন সূর্যোদয়ের বার্তা বয়ে আনবে।
সবগুলো আসনে সকাল থেকেই তরুণদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে কেন্দ্রে এসেছেন। কেউ ভিড় এড়াতে সকালে উপস্থিত হয়েছেন, আবার কেউ প্রথম ভোটের স্মৃতি ধরে রাখতে ছবি তুলেছেন।
ভোট দিয়ে বেরিয়ে আসা তরুণদের কণ্ঠে ছিল সন্তুষ্টি ও আশাবাদ। আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মের মতামত গুরুত্ব পাবে।

































আপনার মতামত লিখুন :