ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিরীহ ১০ বছর বয়সী শিশু ইমরান গুরুতরভাবে আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। তিনি বলেন আমরা এই ঘটনায় গভীর ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও শোকাহত। এ ঘটনা শুধু নিন্দনীয় নয় এটি আমাদের সমাজ ও রাষ্ট্রব্যবস্থার জন্য চরম লজ্জাজনক।
সিরাজুল মামুন বলেন, আমি এই বর্বর ও অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দ্বন্দ্বের নামে এমন সহিংসতা, যেখানে একটি নিষ্পাপ শিশুও রক্ষা পায় না, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এটি সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ।
আমরা হুঁশিয়ার করে বলতে চাই এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, জনমনে ক্ষোভ আরও বাড়বে এবং আইন-শৃঙ্খলার প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
তিনি বলেন, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট দাবি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, আহত শিশু ইমরানের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে
আমরা জোর দিয়ে বলতে চাই রাজনীতির নামে সাধারণ মানুষের জীবন নিয়ে এমন নিষ্ঠুর খেলা আর বরদাশত করা হবে না।
প্রসঙ্গত বৃহস্পতিবার ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মাদ্রাসা ছাত্র গুলিবিদ্ধ হয়। এছাড়া আরো একজনের শরীরেও গুলি লাগে।




































আপনার মতামত লিখুন :