নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা স্বতন্ত্র ভাবে নির্বাচন করতে পারার ইঙ্গিত মিলেছে সরকারের তরফ থেকে। তবে যেসব ব্যক্তিরা একাধিক মামলার পলাতক আসামী, গণহত্যার সাথে জড়িত কিংবা আওয়ামী লীগের দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে নামবেন, তারা পারবেন না নির্বাচনে অংশ নিতে।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত এবং এনসিপি বেশ সক্রিয়। বিশেষত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন আগে অনুষ্ঠিত হতে পারে এমন সম্ভাবনায় মেয়র ও কাউন্সিলর পদে বাড়তি নজর রয়েছে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের। তবে আলোচনায় নেই আওয়ামী লীগের সাবেক কাউন্সিলরদের। সাবেক মেয়র আইভী কিছুটা আলোচনায় থাকলেও তার অনুসারী কাউন্সিলররা রয়েছেন আলোচনার বাইরে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আওয়ামী লীগের আলোচিত সাবেক কাউন্সিলরদের মধ্যে রয়েছে আব্দুল করিম বাবু, মতিউর রহমান মতি, সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, কামরুল হাসান মুন্না অন্যতম। এরা প্রত্যেকেই মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব, আধিপত্য বিস্তার সহ নানাবিধ অভিযোগে অভিযুক্ত ছিলো। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বাহিনী নিয়ে হামলা চালিয়েছে ছাত্র জনতার উপর। ৫ আগস্টের পর প্রায় সকলে পালিয়ে গেছে। তবে ধরা পড়ে কাউন্সিলর মতি।
মতি পুরো সিদ্ধিরগঞ্জ অঞ্চলের গডফাদার হিসেবে পরিচিত। এখনকার তেল চুরি থেকে শুরু করে নানাবিধ অপকর্মের নিয়ন্ত্রক ছিলো সে। এমনকি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের শীর্ষ নেতারাও তাকে তোয়াজ করে চলতে বাধ্য হতো। এমন অপকর্মের নিয়ন্ত্রক পুলিশের হাতে গ্রেপ্তার হবার পর এখন পর্যন্ত জামিনে মুক্তি পায়নি। কারাগারের অভ্যন্তরেই রয়েছে বছরধরে।
শুধু মতি একা নয়, বাবু, দুলাল প্রধান বা মুন্না গ্রেপ্তার হলেও তাদের পরিণতি একই হতো বলে ধারনা করছেন অনেকেই। কারন তারা কাউন্সিলর হবার পর যেই পরিমান অপরাধ ও অপকর্মে জড়িয়েছে তাতে মতির পরিণতি বরণ করতে হতো তাদের। পিঠ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যাবার গুঞ্জন শোনা যায় তাদের নামে। তবে পুলিশ বলছে, অপরাধীদের ধরতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে মতির জেলজীবন আর বাকিদের পলাতক জীবন দেখার পর জনপ্রতিনিধি হবার আগ্রহ দেখা যাচ্ছে না আওয়ামী লীগের সাবেক কাউন্সিলরদের। বাকি দলের নেতাকর্মীরা প্রচার প্রচারণা শুরু করলেও তারা এখনও আত্মগোপনেই জীবন যাপন করছেন। কারও কারও ফের জনপ্রতিনিধি হবার ইচ্ছা থাকলেও মতির পরিণতি দেখে সাহস করছেন না।

































আপনার মতামত লিখুন :