News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আড়াইহাজারে বিএনপি পর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম আড়াইহাজারে বিএনপি পর যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বিএনপির ক্ষমতা ৮ মাসের মধ্যে ৫ মাসের ব্যবধানে বিএনপি পর যুবদলের পদধারী নেতা খুন হয়েছেন।

জানা গেছে, গত ২১ মে মাটি কাটা দ্বন্দ্বে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। এর অভিযোগে স্বেচ্ছাসেবকদলের এক নেতা সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও চরপাড়া এলাকার একটি বিলে মাটি কাটার সময় তাকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এর প্রতিবাদে স্বজন ও অনুসারী দলীয় নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।

অন্যদিকে ঠিক ৫ মাসের ব্যবধানে গত ২১ অক্টোবর রাত ১০টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। তিনি একই ইউনিয়নের মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, নিহত জহিরুল ইসলাম আড়াইহাজারে রাজনীতি করলেও তিনি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন এবং সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় একটি ফার্মেসি দোকান পরিচালনা করতেন।

নিহতের ভাগ্নে ইসমাইল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে জোরালো আলোচনায় থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগেও আড়াইহাজার থানার সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে আড়াইহাজার থানায়। সেসময় প্রাণে বেঁচে গেলেও এবার তাকে তারাই হত্যা করেছে বলে ধারণা করছি।

আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করে বলেন, জহির আমাদের দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা ছিল। তার বাসা কালাপাহাড়িয়া এলাকায় হলেও সে মূলত মুন্সিগঞ্জে বসবাস করত। ছেলেটা প্রায়ই বলত যে তাকে মেরে ফেলা হতে পারে, তবে কার সঙ্গে তার প্রধান বিরোধ ছিল তা আমরা নিশ্চিত নই। আমরা এই ঘটনার বিচার চাই।