News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৯:৫৯ পিএম বই পড়ার অভ্যাস গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদরে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ৬০ নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।

বিদ্যালয়ের পাঠাগারটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নিয়মিত বই পড়ার আগ্রহ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্র বলছে, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রমটি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে। এর মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে শিশুদের হাতে বই তুলে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।