News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৮:২৭ পিএম ফতুল্লায় স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নারায়গঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় হারেজ (৫১) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, পারিবারিক কলহের জের ধরে ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাত আনুমানিক পৌঁনে ১টায় হারেজ তার ছেলে সোহাগ (১৬) ও স্ত্রী মনোয়ারা বেগমকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তারা নিহত হন। এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তার বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ অভিযোগ দায়ের করেন। সেইসঙ্গে ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় একটি হত্যা মামলা রুজু হয়। সেই মামলায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেন।