News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

বুলবুল হত্যা : চাঞ্চল্যকর তথ্য দিয়ে কারাগারে সিফাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৮:৩৬ পিএম বুলবুল হত্যা : চাঞ্চল্যকর তথ্য দিয়ে কারাগারে সিফাত

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ আল আমিন ওরফে বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাত সহ সাতজনকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার ৬ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এদিকে বুলবুল হত্যাকান্ডে আসামীরা আদালতে স্বীকারোক্তি না দিলেও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। শেখ সিফাত সহ আসামী তথ্যগুলো যাচাই বাছাই শেষে আবারো রিমান্ডের আবেদন করা হবে। এর আগে ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও নিহত বুলবুলের স্বজনরা শেখ সিফাতের ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতের এজলাসে নিয়ে যায়।

২০ আগস্ট বন্দরের সালেহনগর এলাকায় সিফাত বাহিনীর হামলায় নিহত হন ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক জাহিদ আল আমিন ওরফে বুলবুল। ওই রাতে পুরো এলাকায় উত্তপ্ত পরিস্থিতিতে বুলবুল হত্যা মামলার প্রধান আসামি শেখ সিফাতসহ ১১ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ২৩ আগস্ট শেখ সিফাতসহ সাতজনের ১০ দিন এবং চার নারী আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে বুলবুল হত্যাকান্ডের ১৭ দিনেও গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকারোক্তি জবানবন্দি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাছুমবিল্লাহ। তিনি বলেন, পুলিশের আশ^াসে আমরা আন্দোলন শিথিল করেছি, কিন্তু ১৭ দিন হত্যাকান্ডে এখনো রহস্য খুলতে পারেনি। রোববার রিমান্ড শেষে শেখ সিফাত সহ আসামীরা আদালতে হাজিরা করা হবে এমন তথ্য আমাদের দেয়া হয়নি।

১০ দিনের রিমান্ড শেষে মামলার প্রধান আসামি শেখ সিফাত, হোয়াইট জুম্মন, মো. সিয়াম, মাহবুব হোসেন ওরফে মাহাফুজ, রিয়াদ, ইরফান ও জিসানকে কারাগারে প্রেরণ করে আদালত। এর আগে রিমান্ড শেষে কারাগারে রয়েছেন মিনারা, রুমা, নাসিমা ও ইয়াসমিন।