News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

একক নির্বাচনের প্রস্তুতি জামায়াতের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১১:৪৬ পিএম একক নির্বাচনের প্রস্তুতি জামায়াতের

সংসদ নির্বাচন জোটগতভাবে করলেও স্থানীয় সরকার নির্বাচন নিজেদের শক্তিতেই করতে চাইছে জামায়াতে ইসলামী। সেই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী নির্ধারন করে ফেলেছে দলটি। নতুন করে ইউনিয়ন পরিষদ পর্যায়েও প্রার্থী চ‚ড়ান্ত করা শুরু করেছে তারা।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে পাঁচটি আসনের মধ্যে দুইটি আসনে ছাড় দেয় জামায়াত। এর মধ্যে নিজেরা একটি আসনে জয় না পেলেও জোটের শরীক এনসিপি ঠিকই জয় ছিনিয়ে এনেছে। এমন অবস্থায় সংসদে বিরোধী দলের ভুমিকায় থাকা দলগুলো সিটি করপোরেশ নির্বাচনে জোটগত ভাবে লড়বে নাকি আলাদা ভাবে লড়বে তা পরিস্কার নয় ভোটারদের কাছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত এককভাবেই প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জামায়াত নেতারা।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, এখন পর্যন্ত দলের সিদ্ধান্ত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে একক ভাবে অংশগ্রহণ করা। নতুন কোন সিদ্ধান্ত এলে সেটা কেন্দ্র থেকেই আসবে। আমরা ইতোমধ্যে বেশ কিছু প্রার্থী চ‚ড়ান্ত করেছি। পর্যায়ক্রমে বাকিগুলোও করা হবে।

দলটির সূত্র জানিয়েছে, বিগত সময়ে নির্বাচনের ক্ষেত্রে কেবল শপথগ্রহণ করা নেতাদের মনোনয়ন দেয়া হলেও এবার সেই নীতিতে পরিবর্তন এসেছে। জাতীয় নির্বাচনে ভিন্ন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দিয়েছিলো জামায়াত। এবার স্থানীয় সরকার নির্বাচনে একই নীতি অনুসরণ করতে পারেন তারা। সেই সাথে গুরুত্ব দেয়া হচ্ছে তরুন নেতাদের। বিশেষত যাদের ব্যক্তি পরিচিতি আছে এবং তরুনদের মধ্যে জনপ্রিয় এমন। কারন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জে ১১ দলীয় জোট থেকে জয়ী এমপি পুরোপুরি তরুন। সেই অভিজ্ঞতা এবার নিজেদের দলেও কাজে লাগাতে চান।

দলটির মহানগর আমীর বলেন, আপাতত সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। সিটি কর্পোরেশনে জোট হবার সম্ভাবনা এখন নেই। তবে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জোটের ঐক্যের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ হতে পারে।

ইতোমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এবং মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া অন্তত ১৫ টি ওয়ার্ডে নিজেদের প্রার্থী চ‚ড়ান্ত করেছেন তারা। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই দলটি। কারন হিসেবে বলছেন, বিগত চার দলীয় জোট আমলে বিএনপির থেকে আলাদা হয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন তারা। সেসময় তুলনামূলক ভালো ফলাফল পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও একক প্রস্তুতিতে নির্বাচনে যাচ্ছে জামায়াত।

এদিকে একক ভাবে মনোনয়ন দিয়েছে ১১ দলীয় জোটের দল খেলাফত মজলিস। তারা নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করা এবিএম সিরাজুল মামুনকে সিটি নির্বাচনে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি প্রভাবশালী রাজনৈতিক দল এনসিপি সিটি নির্বাচনে একক প্রার্থী দেবার চিন্তা করছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন এনসিপির মহানগর আহবায়ক ও কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জোনায়েদ।

জোটের বাইরে নির্বাচনে সম্ভাবনা কেমন এমন প্রশ্নে জামায়াত নেতারা বলছেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের জনসমর্থন বেড়েছে। দেশের প্রধান বিরোধী শক্তি জামায়াত। বিকল্প হিসেবে তাদেরই বিবেচনা করছেন সাধারণ মানুষ। তাই স্থানীয় পর্যায়ে এককভাবে নির্বাচন করলেও প্রার্থীদের জয়ের সম্ভাবনা আছে।

তবে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা বলছেন, অনেক ওয়ার্ডে জামায়াত প্রার্থী দিতে পারছে না। আবার কোন কোন ওয়ার্ডে প্রার্থী দিলেও তাদের সবার জয়ের সম্ভাবনা নেই। এদিক বিবেচনায় জোট হতে পারে। যা জয়ের পথকে সুগম করবে। শেষ পর্যন্ত জোটগত সমঝোতা হবে নাকি একক লড়াই হবে তা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি ও সময়ের উপর।