News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

আড়াইহাজারে ডিবির তিন সদস্যকে পিটিয়ে আহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ১০:১৩ পিএম আড়াইহাজারে ডিবির তিন সদস্যকে পিটিয়ে আহত

  নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে যাওয়া ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের দুই কর্মকর্তা ও এক কনস্টেবল মারধ‌রের শিকার হয়েছেন। পরে তাঁদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার  ওসি মোঃ সবজেল  হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছে। এবিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সাথে যোগাযোগ করছি।