News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

ফতুল্লায় ইটভাটা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলায় ১৯ জন কারাগারে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১০:১৪ পিএম ফতুল্লায় ইটভাটা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ মামলায় ১৯ জন কারাগারে

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৯ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) আত্মসমর্পন করে জামিন চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণকৃতরা হলেন মোতালেব খা (৫৫), সামেদ আলীর ছেলে সজিব (২৮), আলমগীর (৫০), সোহেল (৩৫), আতিক (৩০), তামিম (২২), শাকিল (৩৬), সাইদুল (৩২), জাহিদ (২৫), অলি (৩০), সানি (২৮), ইমরান (৩০), নাসির (২৮), ফজুল (৫০), গোলজার (৪৫), তানভীর (২৫), সজল (৩০), সিয়াম ও আমিন (৩৪)।

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, একটি সংঘর্ষের ঘটনায় আসামী আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১০ অক্টোবর ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটভাটা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও ধলেশ্বরী নদীর তীরের ইটভাটায় শ্রমিক ও মাটি সরবরাহের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী ছামেদ আলীর সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের আগে থেকেই দ্ব›দ্ব চলছিল।

এদিন সকালে আকবনগরের পাশের গ্রাম চরবক্তাবলী এলাকায় ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সভায় অতিথি হিসেবে ছিলেন হালিম আজাদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভা শেষে খিচুড়িও খান নেতাকর্মীরা। পরে দুপুরে অনুসারীদের নিয়ে আকবরনগর গ্রামে আওয়ামী লীগ নেতা ছামেদ আলীর বাড়ির সামনে মহড়া দেন হালিম। এ সময় ছামেদ আলীর লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন।