News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

মহাঅষ্টমীতে রূপগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঐক্য পরিষদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৮:১০ পিএম মহাঅষ্টমীতে রূপগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ঐক্য পরিষদ

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে মহাঅষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সুষ্ঠুভাবে উৎসব উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় প্রশাসন, পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত রূপগঞ্জ উপজেলার ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। পরিদর্শনকালে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি, স্থানীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

মতবিনিময়কালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। আবহমান বাংলার সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবকে আনন্দময় করে তুলতে হবে। তাঁরা আরও বলেন, দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই।

নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই সঙ্গে তাঁরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার, রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল শর্মা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন চন্দ্র ধর ও কৃষ্ণপদ মজুমদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, রূপগঞ্জ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার,উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, মহনগরের নেতা বিপ্লব বাড়ৈ, তরুণ কুমার দাস, উত্তম সরকার, সমর দাস, সমাপ্ত সরকার, নৃপেন বিশ্বাস, রাজীব দাস এবং বন্দর উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষ, রুপগঞ্জের নেতা অশ্বিনী সরকার, সন্ধ্যা রানী বিশ্বাস, সুমন্ত দাস, সুধাংশু বিশ্বাস, নিবাস চন্দ্র দাস, প্রবীন পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।