News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

বুধবার দুপুর ২টা হতে নারায়ণগঞ্জ শহরে বাস প্রবেশ নিষেধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৮:০৬ পিএম বুধবার দুপুর ২টা হতে নারায়ণগঞ্জ শহরে বাস প্রবেশ নিষেধ

শীতলক্ষ্যা নদীতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে দুপুর ২টা থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সব ধরনের বাস চাঁদমারী মোড় থেকে ঘুরিয়ে (ইউটার্ন) নেয়ার কথা বলা হয়েছে। চাঁদমারী মোড় দিয়ে মেট্রো হলের সামনের মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল কিংবা বঙ্গবন্ধু সড়কের (বিবি রোড) দিকে কোনো বাস প্রবেশ করতে পারবে না।

ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বাস টার্মিনালের আঞ্চলিক বাস ও মেট্রো হল মোড়ের দূরপাল্লার বাস হাজীগঞ্জ নতুন রাস্তায় পার্কিং করতে পারবে।

নিতাইগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত একটার আগে মণ্ডলপাড়া সেতু পার হতে পারবে না।

বিসর্জনের শোভাযাত্রার জন্য তিনটি রুট নির্ধারণ করা হয়েছে। পঞ্চবটী থেকে আসা শোভাযাত্রা চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাটে যাবে। নিতাইগঞ্জ ও টানবাজারসহ আশেপাশের এলাকার শোভাযাত্রা মণ্ডলপাড়া সেতু ও ২ নম্বর রেলগেট হয়ে ঘাটে পৌঁছাবে। বরফকল মাঠ ও খানপুর থেকে আসা শোভাযাত্রা মেট্রো হল মোড়, মিশনপাড়া ও চাষাঢ়া হয়ে ২ নম্বর রেলগেট দিয়ে বিসর্জন ঘাটে যাবে।

বিসর্জন শেষে খালি যানবাহন ঘাট থেকে চারারগোপ কাঠপট্টি রোড ও মাউরা হোটেল হয়ে মেট্রো হল মোড় দিয়ে নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। ঘাট থেকে মাউরা হোটেল হয়ে মেট্রো হল পর্যন্ত যান চলাচল একমুখী থাকবে। মেট্রো হল থেকে মাউরা হোটেল কিংবা কালীবাজারের দিকে কোনো যানবাহন যেতে পারবে না।

এছাড়া ২ নম্বর রেলগেট থেকে ১ নম্বর রেলগেট হয়ে বিসর্জন ঘাট পর্যন্ত এবং ১ নম্বর রেলগেট থেকে কালীবাজারের দিকে একমুখী যান চলাচল করবে। উল্টো পথে চলাচল করা যাবে না।

চাঁদমারী, সরকারি মহিলা কলেজ, মেট্রো হল ও গলাচিপা মোড় এবং মণ্ডলপাড়া সেতুতে ছয় আসনের বড় আকারের অটোরিকশা ইউটার্ন ব্যবস্থা অব্যাহত রাখবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। নির্দেশনায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে এবং সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।