News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে যুবদল নেতা নিহত : জামায়াত আমীরের উদ্বেগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ১০:০৮ পিএম রূপগঞ্জে যুবদল নেতা নিহত : জামায়াত আমীরের উদ্বেগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ওয়ার্ড যুবদল নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও সিটি মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপনকে (৩৫) প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টায় রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় নিজ বাড়ির সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত রিপনের সঙ্গে স্থানীয় যুবদল নেতা রিফাত কাজী ও ছাত্রদল নেতা তানভীর কাজীর বিরোধ চলছিল।

এরই জের ধরে গতরাতে রিপনকে একা পেয়ে সন্ত্রাসীরা তাঁর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও সিটি মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারা কেন্দ্র করে দলাদলি ও কোন্দলে একটি প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যেখানে মুখে ‘সবার আগে বাংলাদেশ’-এর কথা বলছে, সেখানে বাস্তবে নিজেদের ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বজায় রাখতে গিয়ে নিজেদের সহকর্মীদের জীবন কেড়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রূপগঞ্জের এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে হানাহানির রাজনীতি পরিহার করে সবাই এক সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে রাজনীতি করার আহবান।