News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

এবার টাকা ঢালেনি শিল্পপতিরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ১০:১২ পিএম এবার টাকা ঢালেনি শিল্পপতিরা

গত বছর শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ছিল সাজ সাজ রব। মনোনয়ন প্রত্যাশী শিল্পপতিরা দুই হাত ধরে হিন্দু সম্প্রদায়কে অনুদান দিয়েছিলেন। কোথাও বস্ত্র, কোথাও নগদ টাকা দেওয়ার হিড়িক ছিল। এক প্রতিযোগীতায় নেমেছিলেন দুই শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল ও মাসুদুজ্জামান। কারণ তখন সংসদ নির্বাচনের ঢামাঢোল ছিল। এ কারণেই গত পূজায় দুইজন অকাতরে দান করেন। তবে দুইজনের কেউ শেষ টিকেট পায়নি। এ কারণে এ বছরের পূজায় এ দুই শিল্পপতির কাউকেই দেখা যায়নি দৃশ্যমানভাবে। গত বছর দুইজন যেভাবে নিজেদের সামনে এনে এক মণ্ডপ থেকে ওই মণ্ডপ আর হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে ব্যস্ত ছিলেন এবার ঠিক তার উল্টো।

গত বছরের ২৭ সেপ্টেম্বর মহানগর বিএনপির আয়োজনে তারেক রহমানের নির্দেশে প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল শহর ও বন্দর এলাকার ৭০ টি পূজা মন্ডপে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে প্রত্যেকটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ অনুদান তুলে দেয়া হয়।

এছাড়া একই সময়ে শহরের কয়েকটি এলাকাতে গিয়ে মতবিনিময় সভা করে নগদ অনুদান তুলে দেন মাসুদুজ্জামান। ওই সময়ে শহর ও বন্দর এলাকাতে পৃথক টিম করে দেন তিনি। এসব টিমের সদস্যরা সংসদীয় এলাকাতে গিয়ে বিভিন্ন মণ্ডপ ও পূজায় সম্পৃক্ত নেতাদের হাতে অনুদান তুলে দেন।

দুইজন শিল্পপতির ওই আয়োজন নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছিল বেশ উচ্ছাস। কিন্তু এ বছর এ দুইজনের কেউ তেমন দৃশ্যমান খবর নেয়নি জানিয়েছেন কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতা।