ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্র এবং ব্যাংকের ওপর ফ্যাসিবাদী দোসরদের পুনরায় পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে অভিযোগ তুলে এর প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের দুই নং রেলগেইট এলাকার ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার নিচে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই মানববন্ধনে আয়োজন করা হয়।
মানববন্ধনের সঞ্চালক আব্দুল মোমিন বলেন, জুলাই বিপ্লবের পর যদি আবারও সেই ফ্যাসিস্ট দোসরদের ফিরিয়ে আনা হয় তবে তা আমাদের জন্য চরম লজ্জার। ৫ আগস্টের পর যে এস আলম গোষ্ঠীকে বিতাড়িত করা হয়েছিল, তাদেরই আবার ব্যাংকের দায়িত্বে পুনর্বাসন করা হচ্ছে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমরা এই ঐতিহ্যবাহী ব্যাংকের দেউলিয়া অবস্থা দেখতে চাই না।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার জোর করে ইসলামী ব্যাংকের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছে। বর্তমান চেয়ারম্যানকে আওয়ামী লীগ ও এস আলমের দোসর হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, ভারতের নীল নকশা বাস্তবায়ন এবং নব্য জাহেলিয়াত দিয়ে ইসলামী ব্যাংককে রক্ষা করা যাবে না।
তারা আরও বলেন, আমরা সুদযুক্ত সমাজ পরিহার করে সুদমুক্ত ব্যাংকিংয়ের জন্য ইসলামী ব্যাংককে বেছে নিয়েছি। সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করতে আমরা প্রয়োজনে জীবন দিবো, কিন্তু কোনো খেয়ানত হতে দেবো না। পাচার হওয়া টাকা অতিদ্রুত ফিরিয়ে আনতে হবে। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান সিদ্দিক, ব্যবসায়ী ও শেয়ারহোল্ডার নিজাম উদ্দিন, গ্রাহক আবুল কালাম আজাদ, মাওলানা ইউনুস আলী, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম সাকি, তরিকুল ইসলাম, মনির হোসেন মোল্লা, বসির উদ্দিন, আনিসুজ্জামান, কামরুজ্জামান ও মজিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, গত ২৪ মে চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো আজও আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।



































আপনার মতামত লিখুন :