News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমজীবী মহিলা হোস্টেল ও হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:০৯ পিএম নারায়ণগঞ্জে শ্রমজীবী মহিলা হোস্টেল ও হাসপাতাল উদ্বোধন ৭ নভেম্বর

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের শ্রমজীবী মেয়েরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কাজ করতে পারেন সেজন্য তাদের আবাসন সুবিধার জন্য মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তার জন্য ৫ শয্যার হাসপাতালটি আমি সরেজমিনে পরিদর্শন করেছি।

এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যমে পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঘটনাটি ঘটার সাথে সাথেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। এই মর্মান্তিক ঘটনায় আমাদের ২ জন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহতদের একজনের বাবার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।

সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এই ক্রান্তিকালীন সময়ে আপনারা সবাই অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকবেন। যে কোনো জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি।

বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইতোমধ্যে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ট্রাভেল এজেন্সি বিদেশে শ্রমিক পাঠানোর কার্যক্রম পরিচালনা করছে, যা তাদের কাজ নয়। এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশে কর্মী পাঠানোর প্রতিটি স্তর অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।