News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের গায়ে নারায়ণগঞ্জে তৈরি স্যূট!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৫:৪৬ পিএম ট্রাম্পের গায়ে নারায়ণগঞ্জে তৈরি স্যূট!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা নেভি-ব্লু স্যুটটি তৈরি হয়েছে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের একটি কারখানায়। সম্প্রতি নেব্রাস্কা অঙ্গরাজ্যের গ্র্যান্ড আইল্যান্ডে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ সমাবেশে স্যুটটি পরেছিলেন ট্রাম্প। সমাবেশে তাঁর স্যুটের ব্র্যান্ডের পরিচয় সামনে আসার পর এটি কোথায় তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা শুরু হয়। যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড জস. এ. ব্যাংকের স্যুটটি তৈরি করেছে ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড। এটা আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরীফ জানান, ট্রাম্পের পরা স্যুটটি নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত তাঁদের কারখানায় তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির কারখানাটি পাঁচ লাখ বর্গফুটেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত। সেখানে স্বয়ংক্রিয় কাপড় কাটার ব্যবস্থা, বিশেষায়িত সেলাই ও প্রেসিং যন্ত্রপাতি এবং উৎপাদন ও সংরক্ষণ এলাকায় পণ্য পরিবহনের জন্য কনভেয়ারভিত্তিক ব্যবস্থা রয়েছে।

ইউনিভার্সাল মেনসওয়্যার লিমিটেড আন্তর্জাতিক বাজারের জন্য পুরুষদের স্যুট, ব্লেজার, জ্যাকেট ও ট্রাউজারসহ বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অংশগ্রহণের একটি উদাহরণ।