News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে সোনারগাঁয়ে বিএনপির অবস্থান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৮:৪৪ পিএম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করতে সোনারগাঁয়ে বিএনপির অবস্থান

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কর্মসূচির আয়োজন করা হয়।

সোনারগাঁ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু ও উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক করিম রহমান।

উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার আহম্মেদ, রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু, উপজেলা যুবদল নেতা মামুন আব্দুল্লাহ, আল আমিন বেপারী ও রিপন বেপারীসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।