‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তাধারার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিতর্ক উৎসবের প্রতিযোগিততা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আট দিনব্যাপী এ উৎসব ও প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং তাদের সহযোগিতায় ছিলেন ৬০ জন শিক্ষক। সেই সাথে সবশেষ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে আজকের এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে এবং যারা আয়োজন করেছে সকলকে ধন্যবাদ জানাই। এটা একটা চমৎকার উদ্যোগ। আমাদের সন্তানরা আগামী দিনে দেশের দায়িত্ব নিবে। একেকজন একেক জায়গায় দায়িত্ব পালন করবে। সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না। সবাইকে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ ব্যক্তিগুণে ভালো মানুষ হয় সে পরিবার, সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারবে। আমাদের সমাজের জন্য অনুকরণীয় হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা হওয়ায় এবারের বিতর্কের বিষয়বস্তু জলবায়ু পরিবর্তন ও এর প্রভাবকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করাই আমাদের এ আয়োজনের লক্ষ্য।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।




































আপনার মতামত লিখুন :