News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় : আবদুল জব্বার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ১০:২৭ পিএম লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় : আবদুল জব্বার

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর আওয়ামী লীগ লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বাংলার মাটিতে আর যেন কখনো এই ধরনের রাজনৈতিক হিংস্রতা ও স্বৈরাচারী তাণ্ডব ফিরে আসতে না পারে, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, অবিলম্বে ২৮শে অক্টোবরের পল্টন ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী ও প্রত্যক্ষ খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সিদ্ধিরগঞ্জ এলাকার শহীদ আব্দুল্লাহ ফয়সাল এর হত্যাকারী ও ফ্যাসিবাদের বিচার ছাড়া দেশে স্থায়ী শান্তি ফিরতে পারে না।

সংঘটিত চব্বিশের গণ-বিপ্লবের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে নারায়ণগঞ্জ মহানগরী আমীর সরকারকে গণভোটের মাধ্যমে জনরায়ের দ্রুত বাস্তবায়ন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার জোর দাবি জানান।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডির ওপর নির্মিত একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শিত হয়।