নারায়ণগঞ্জের সোনারগাঁ একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের মারধর করে হাত-পা বেঁধে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকাসহ প্রায় ১ কোটি ৩১ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকায় অবস্থিত কাশ্মির গ্রæপ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পিস্তল, রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।
এ সময় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মী, ব্যবস্থাপক ও মেশিন অপারেটরদের মারধর করে জিম্মি করা হয়। পরে তাঁদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে ডাকাত দল।
অভিযোগে আরও বলা হয়, ডাকাতরা প্রতিষ্ঠানের ক্যাশ সেকশনের দুটি সিন্দুকের তালা ভেঙে নগদ ৩১ লাখ ৫ হাজার ৫০০ টাকা লুট করে। এ ছাড়া প্রায় এক কোটি টাকা মূল্যের তামার তার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন মালামাল একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীক বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’





































আপনার মতামত লিখুন :