নারায়ণগঞ্জ জেলাধীন বন্দর থানার বাবুপাড়া মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পরিত্যক্ত বাড়িটি সিলগালা করে আগামী ১ (এক) মাসের সময়সীমা প্রদান করা হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
প্রাপ্ত তথ্যে জানা যায়, বন্দর থানাধীন বাবুপাড়া মোড় এলাকার বাসিন্দা মৃত শামছুল হক ওরফে দারোগার দুই ছেলে মো. আল আমিন (৭২) ও মো. আজম (৬৭)-এর মালিকানাধীন পরিত্যক্ত বাড়িটি কেন্দ্র করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে প্রশাসন থেকে সিলগালাসহ ১ মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম এবং সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব সুলতান। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অভিযানকালে উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে বন্দর থানার পর্যাপ্তসংখ্যক অফিসার ও পুলিশ ফোর্স মোতায়েন ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মোবাইল কোর্ট পরিচালনা সম্পন্ন হয়।
বর্তমানে এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।






































আপনার মতামত লিখুন :