নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিপন মিয়া নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজনের কমিটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার।
উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় রোববার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রিপন (৪২) পাইস্কা এলাকার বাসিন্দা শহিদুল্লাহ মিয়ার ছেলে এবং পেশায় ছিলেন কাঠ ব্যবসায়ী। তিনি ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ওয়াজ মাহফিল আয়োজক কমিটিতে নাম রাখা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রিপন মিয়ার সঙ্গে একই এলাকার রিফাত কাজীর বিরোধ চলছিল। সম্প্রতি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে রিপনের নাম রাখা হয়নি। এসব বিষয় নিয়ে গতকাল রাত ১১টার দিকে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রিফাত কাজীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল রামদা, ছুরি, লোহা ও স্টিলের পাইপ নিয়ে রিপন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রিপন মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
রিপন মিয়ার ছেলে শাওন মিয়া বলেন, ৬ ও ৭ অক্টোবর পাইস্কা এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলের আয়োজক কমিটিতে তাঁর বাবাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তবে রিফাত কাজী ও তাঁর সমর্থকদের নাম কমিটিতে না থাকায় তাঁরা তাঁর (শাওন মিয়া) বাবার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ছাড়া এলাকায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আগে থেকেই তাঁর বাবার সঙ্গে রিফাত কাজী ও তাঁর সমর্থকদের বিরোধ ছিল। এসব বিরোধের জের ধরে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবার হত্যাকারীদের বিচার চান শাওন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



























-20261014113949.jpg)












আপনার মতামত লিখুন :