News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৩৯ পিএম শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বন্ধ রিচ প্লাস নীটওয়্যার লিমিটেড অবিলম্বে চালু, শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি এবং আইনানুগ সকল পাওনা পরিশোধের দাবিতে রবিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিকদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রিচ প্লাস নীটওয়্যার লিমিটেডের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার শ্রমিক রাজিয়া।

বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহসভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি রুহুল আমিন সোহাগ, সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং রিচ প্লাস নীটওয়্যার লিমিটেডের শ্রমিক আলমগীর, সাইদুল, ডলি, নুপুরসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জের পশ্চিম ইসদাইর, টাগারপাড়, পুলিশ লাইন ও ফতুল্লা এলাকায় অবস্থিত রিচ প্লাস নীটওয়্যার লিমিটেডের শ্রমিকেরা দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। অথচ গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে মালিকপক্ষ শ্রমিকদের পূর্বে অবহিত না করেই আকস্মিকভাবে কারখানা বন্ধ ঘোষণা করেছে বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, কোনো পূর্বনোটিশ ছাড়াই রাতের অন্ধকারে অযৌক্তিক কারণ দেখিয়ে পূর্বপরিকল্পিতভাবে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শ্রমিকেরা হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন এবং পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।

তাঁরা বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া মজুরি পরিশোধ এখন অত্যন্ত জরুরি। শ্রমিকেরা নিয়মিত শ্রম দিয়ে উৎপাদন কার্যক্রম সচল রেখেছেন; তাই তাঁদের অর্জিত মজুরি ও প্রাপ্য আইনানুগ সুবিধা নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। বকেয়া মজুরি ও আইনানুগ পাওনা অনিশ্চিত রেখে শ্রমিকদের দুর্ভোগ বাড়ানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সমাবেশে নারায়ণগঞ্জের গাবতলী-মাসদাইর এলাকায় গত জুন মাসে বন্ধ হয়ে যাওয়া সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকদের পাওনা পরিশোধ না করার বিষয়টিও তুলে ধরেন নেতৃবৃন্দ। তাঁরা বলেন, কারখানাটি বন্ধ হওয়ার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও শ্রমিকদের আইনানুগ পাওনা এখনো পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। বারবার পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। একের পর এক কারখানা বন্ধ করে শ্রমিকদের কর্মহীন করা এবং তাঁদের ন্যায্য পাওনা দীর্ঘদিন আটকে রাখার প্রবণতা বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও শ্রম প্রশাসনকে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে শ্রমিকদের পাওনা আদায়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে।