নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি ও পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠান সিলগালা এবং একটি মিনি পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া দুটি মিনি পেট্রোল পাম্পের তেল সরবরাহের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিএসটিআইয়ের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মিজমিজি পশ্চিম পাড়ার জিহাদ ফুড প্রোডাক্ট, পশ্চিম মিজমিজির কান্দাপাড়ার আল আমিন প্লাস্টিক ও হিমালয়া ডিস্ট্রিবিউশন কোম্পানিতে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান তিনটি সিলগালা করা হয়।
এদিকে শিমরাইলের মো. হোসাইনের মালিকানাধীন মিনি পেট্রোল পাম্পে ডিজেল পরিমাপে প্রতি ১০ লিটারে ৭৫০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে পাম্পটির ডিজেল সরবরাহের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া শিমরাইলের তাজ ট্রেডিং অ্যান্ড কোং নামের আরেকটি মিনি পেট্রোল পাম্পের প্রতিনিধি পালিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটও বন্ধ করা হয়।
বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বিএসটিআই নারায়ণগঞ্জের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
বিএসটিআই নারায়ণগঞ্জের উপপরিচালক কে এম হানিফ জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।
অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।


































আপনার মতামত লিখুন :