News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মদনপুরে উচু ও সরু ব্রিজের কারণে যান চলাচল ব্যাহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৯:১৩ পিএম মদনপুরে উচু ও সরু ব্রিজের কারণে যান চলাচল ব্যাহত

জনগণের ও বিভিন্ন যানবাহনের চলাচলকে সুগম করার জন্য বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের সর্বউত্তরে মদনপুর বাজার-কলাবাড়ি সড়কের ও ছোট সাহেববাড়ি জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি ব্রিজ নির্মিত হলেও বর্তমানে এ উচু, খাড়াঢালু ও সরু ব্রিজটি থেকে জনগণ তেমন কোন সুবিধা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, বহু বছর আগে এ খাল দিয়ে নৌকা চলাচল করতো, তাই উচু করে ব্রিজ নির্মাণ করা হয়েছিলো। কালের বিবর্তনে নৌকা চলাচল বন্ধ হয়ে খালের উপর নির্ভরশীলতা কমে গেছে, পক্ষান্তরে জনগণের চলাচলে ও বিভিন্ন মালামাল পরিবহণে সড়ক পথে বড় ও ভারী যানবাহনের চাহিদা সৃষ্টি হয়েছে। কিন্তু এ ব্রিজটি উচু ও সরু হওয়ায় মালামাল পরিবহণে জটিলতা দেখা দিয়েছে।

স্থানীয় কেপ্তারবাগ, কাশীপুর, কলাবাড়ি সহ আশেপাশের এলাকায় বিভিন্ন স্থাপনা বা অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ছোট ছোট ভ্যান, নসিমন ও ঠেলাগাড়ি দিয়ে মালামাল ও নির্মাণ সামগ্রী পরিবহন করতে হয়। ব্রিজটি উচু, সরু ও খাড়াঢালু হওয়ায় এখান দিয়ে বড় ও ভারী যান চলতে না পারায় অতিরিক্ত ভাড়া দিয়ে জনসাধারণকে নির্মাণ সামগ্রী নিয়ে যেতে হয়, ফলে বাড়তি খরচ গুনতে হচ্ছে স্থানীয়দেরকে।

তাছাড়া এ সড়ক দিয়ে নিত্যদিন প্রচুর রিক্সা ও অটোরিক্সা চলাচল করে, ব্রিজটি উচু হওয়ায় ছোট ছোট যানবাহন বিশেষ করে অটোরিক্সাকে এ ব্রিজ পার হতে বেগ পেতে হয়, অনেক সময় যন্ত্রপাতি বিকল হয়ে যায় ও দুর্ঘটনায় পতিত হয়ে যাত্রীরা আহত হবার ঘটনা ঘটে থাকে। এছাড়াও ব্রিজটি সরু হওয়ায় দুপাশ থেকে আসা দুটি অটোরিক্সা পরস্পরকে ক্রস করতে সমস্যা হয়। এ ধরণের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণ বেড়ে গেছে। বর্তমানে এলজিইডির আওতাধীন সকল ব্রিজ বড় ও প্রশস্তভাবে নির্মাণ করায় এই উচু ও সরু ব্রিজটি ভেঙ্গে রাস্তার সমান, বড় ও প্রশস্তভাবে নির্মাণ করার দাবী করেছেন স্থানীয়রা।

স্থানীয় এলাকার বাসিন্দা কায়সার ভূঁইয়া জানান, ‘এ এলাকার নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসা, মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক কিন্ডারগার্টেনের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এবং চেঙ্গাইন, কাশীপুর, কলাবাড়ি, ছোটবাগ, দেওয়ানবাগ সহ তৎসংলগ্ন এলাকার হাজার হাজার জনগণ নিত্যদিন ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করছেন। পাশাপাশি ব্রিজের অতি সন্নিকটে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকায় অসংখ্য নারী ও শিশুরা এ ব্রিজ দিয়ে পার হয়ে প্রতিনিয়ত সেখানে চিকিৎসা নিতে আসেন। এ ব্রিজটি দিয়ে বড় কোন গাড়িই চলাচল করতে পারেনা। ছোট গাড়ি উঠতে হলেও অনেক সমস্যা হয়। দুটি অটোরিক্সা একসাথে ক্রস করতে পারেনা। সুতরাং জনস্বার্থে এখানে অতিদ্রæত বড় ও চওড়া একটি ব্রিজ নির্মাণের ব্যবস্থা করতে নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় এমপি এ্যাডভোকেট আবুল কালামের জরুরী হস্তক্ষেপ কামনা করছি’।

মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ মতিন মিয়া বলেন, ‘আমরা জনস্বার্থে কাজ করি। এটা জনগণের দাবী, তাই আমরাও জনগণের সাথে একমত পোষণ করছি। এখানে রাস্তার সমান, বড় ও প্রশস্ত একটি ব্রিজ নির্মাণ করতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ্যাডভোকেট আবুল কালাম মহোদয় ও বন্দর উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) কে অবগত করবো। তারা যদি একটু সুদৃষ্টি দেয়, তাহলে আশা করি এখানে অতিদ্রæত ব্রিজ নির্মাণ সম্ভব’।

ইউসিুফ নামে এক অটোরিক্সাচালক বলেন, ‘অনেক ঝুঁকি নিয়ে এ ব্রিজে উঠি। অনেক সময় উঠতে না পারলে আবার পিছনে গিয়ে অনেক স্পিড তুলে তারপর উঠি। একারণে অনেক সময় রিক্সা বিকল হয়ে যায়, আবার বিপরীত দিক থেকে রিক্সা আসলে সাইডে দাড়িয়ে তাকে যেতে দিতে হয়। নিত্যদিন আমরা ভোগান্তি পোহাচ্ছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ যেন দ্রæত এখানে বড় ও চওড়া একটি ব্রিজ নির্মাণ করা হয়'।

বন্দর উপজেলা উপ সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ‘এ ঝুঁকিপূর্ণ ব্রিজটির বিষয়ে আমরা অবগত। আমরা অফিসিয়ালী বিষয়টি নিয়ে আলোচনা করছি। এ সমস্যার বিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ্যাডভোকেট আবুল কালাম মহোদয়কে অবগত করলে আশা করি দ্রæত এখানে নতুন ব্রিজ নির্মাণ সম্ভব হবে’।