News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

স্বপ্নের কায়েতপাড়া গড়ার প্রত্যয় গোলজার হোসেনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৬, ০৮:০৮ পিএম স্বপ্নের কায়েতপাড়া গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

"গোলজার ভাই আমাগো চেনা মানুষ, আপদ-বিপদে সগলেই ওনারে পাশে পাই। চেয়ারম্যান থাকতে এলাকায় যে রাস্তাঘাট আর ড্রেনের কাম হইছে, হেইয়া আমরা আজও চোখের সামনে দেখি। উনি থাকলে আমাদের কায়েতপাড়া নিরাপদে থাকে।"

রূপগঞ্জের নগরপাড়া বাজারে এক ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকের মুখে অ্যাডভোকেট গোলজার হোসেনকে ঘিরে এভাবেই ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল।

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য মতবিনিময় সভা, গণসংযোগ ও উঠান বৈঠকে এমন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুক্রবার বাদ জুমআ নগরপাড়া বাজার এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় ভোটার, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।

নগরপাড়ার সাধারণ মানুষের সাথে কথা বললে ফুটে ওঠে তাদের প্রত্যাশা ও অতীত অভিজ্ঞতার কথা। স্থানীয় বাসিন্দা সুনীল দাস বলেন, বিগত সময়ে উনি যখন চেয়ারম্যান ছিলেন, তখন কোনো বৈষম্য ছাড়া উন্নয়নমূলক কাজ করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ধর্মীয় উৎসব-পার্বণে তিনি সবসময় কায়েতপাড়ার মানুষের পাশে ছিলেন। উন্নয়ন অব্যাহত রাখতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোলজার ভাইয়ের কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত সবিতা রানী দাস আবেগপ্লুত হয়ে বলেন, আমরা সাধারণ মানুষ চাই নিরাপদ পরিবেশ ও এলাকার সত্যিকারের সার্বিক উন্নতি। গোলজার চেয়ারম্যানের সময়ে আমরা নারীরা সবসময় সুরক্ষিত বোধ করেছি। রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে যেকোনো সমস্যায় তিনি দ্রুত সমাধান দিয়েছেন। আমরা আবারও ওনাকে কায়েতপাড়ার নেতৃত্বে দেখতে চাই।

অনুষ্ঠানের প্রধান অতিথি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: গোলজার হোসেন তার বক্তব্যে আবেগপ্রবণ কণ্ঠে বলেন, কায়েতপাড়াবাসীর সেবায় আমি অতীতে অত্যন্ত অভিজ্ঞতা ও সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সুতরাং আমি এই এলাকার প্রতিটি মানুষের দাবি-দাওয়া ও প্রয়োজন সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। আপনারা যদি আমাকে পুনরায় নির্বাচিত করেন, তবে অতীতের মতো এবারও আপনাদের ভালোবাসাকে সম্বল করে স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে এক দৃষ্টিনন্দন, আধুনিক ও নিরাপদ কায়েতপাড়া গড়ে তুলবো।

এর আগে সকালে রূপগঞ্জের চনপাড়া এলাকায় স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে মতবিনিময় এবং জনসংযোগ করেন গোলজার হোসেন। কায়েতপাড়ার প্রতিটি অলিতে-গলিতে প্রার্থীর আগমনকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও সমর্থন দেখা গেছে।