নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ১২জুন অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ (৪০) ও শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তিনি যখন রান্নাঘরে কাজ করছিলেন, তখন অভিযুক্তরা হঠাৎ তার মুখ চেপে ধরে। সন্তানদের বড় ধরনের ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে তারা ওই নারীকে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, সেখানে ভুক্তভোগী নারীর হাত ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্তরা স্থান ত্যাগ করলে তিনি কোনোমতে বাসায় ফিরে আসেন। সন্ধ্যায় তার স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফিরলে তিনি পুরো বিষয়টি তাকে জানান। পরবর্তীতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ তৎপরতার সাথে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


































আপনার মতামত লিখুন :