News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীকে সবুজায়ন করতে নাসিকের ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৩৫ পিএম নগরীকে সবুজায়ন করতে নাসিকের ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ২৭টি ওয়ার্ড এলাকায় ৫০ হাজার বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। শুধু রোপণই নয় এসব গাছের পরিচর্চার জন্য লোক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সেই সাথে নগরীর প্রতিটি খালের দুই পাড়ে, তালগাছ, কৃষ্ণচুড়া গাছ, দেবদারু গাছ সহ বিভিন্ন ফলাদির গাছও রোপন করা হবে বলে তিনি জানিয়েছেন। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে গাছের তালিকা পাঠানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

শনিবার ১৩ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

পরে তিনি নারায়ণগঞ্জ সিটি পার্ক এলাকায় বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

এসময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যালেন মেয়র আফরোজ আক্তার বিভা, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বন্দর উপজেলার বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্ধোধনকালে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাসিকের ২৭টি ওয়ার্ডে ৫০ হাজার বৃক্ষ রোপন করা হবে। এর পাশাপাশি বৃক্ষগুলো যাতে ভালমতো বেড়ে ওঠে এজন্য আমরা লোক নিয়োগ দিব। আমাদের প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জকে যেভাবে দেখতে চান আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, বৃক্ষরোপন সেই চাওয়ারই একটি অংশ। নারায়ণগঞ্জ নগরীকে সবুজায়ন করে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই, আর এর জন্য নগরবাসী, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সাবেক কাউন্সিলরগণ, বিএনপি এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করছি। কারণ কোনো কাজই সকলের সহযোগিতা ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।