News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী রিমান্ডে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৯:০৪ পিএম স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার স্বামী রিমান্ডে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মাজহারুল ইসলাম সবুজ (৩৭) কে দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ৫ দিনের রিমান্ডে চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার একটি ভিডিও আলোচিত হয়। এরপর এই ঘটনায় স্বামী মাজহারুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে এই ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, সেই মামলার জিজ্ঞাবাদের জন্য গ্রেপ্তার মাজহারুল ইসলাম সবুজকে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়। আদালত শুনানী শেষে দুইদিনের রিমান্ডে মঞ্জুর করেন। আশা করি জিজ্ঞাসাবাদে পুলিশ তার কাছ থেকে তথ্য উদ্ধার করতে পারবে।

স্থানীয়রা জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোহনপুর এলাকার বাসিন্দা মাজারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর আগে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়। তাঁদের দুই ছেলে সন্তান রয়েছে।

মামলার এজাহারে ভুক্তভোগী তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলা নিয়ে বাধা দিলে সবুজ তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তিনি পিত্রালয় থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। পরে দুই সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে চলে যান। এরই মধ্যে গত ১৩ জুন সকালে ফোনে আবারও ওই টাকা দাবি করেন সবুজ।

টাকা দিতে অস্বীকৃতি জানালে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় শ্বশুরবাড়িতে গিয়ে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করেন। পরে দরজা বন্ধ করে স্ত্রীকে মারধর এবং গলা টিপে হত্যার চেষ্টা করেন। এসময় তানিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।