নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে চাঞ্চল্যকর মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৮ জুন ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজিব সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে এবং উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য, গত ৪ জুন বুধবার সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই নির্যাতনের ফলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সজিব এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকা-ের পর থেকেই পুলিশ টিম অত্যন্ত বিচক্ষণতার সাথে পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য সোচ্চার ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।



































আপনার মতামত লিখুন :