News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:৪২ পিএম নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর আগমনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, কর্মী সম্মেলনে ডা. শফিকুর রহমান দেশের চলমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা, আগামী দিনের করণীয় এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা আমীরে জামায়াতের নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। জনগণের ন্যায্য অধিকার ও দাবী আদায়ে প্রয়োজন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারী জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।