নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় বাবা ও শিশু ছেলের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ৫জন।
বুধবার ২৮ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওডালা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনা কবলিত ট্রাক ও যাত্রীবাহী বাস পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালককে আটক করা হলেও যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ছেলে বিপুল দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। সংঘর্ষে আরও চার থেকে পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।





































আপনার মতামত লিখুন :