News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নারায়ণগঞ্জে বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:০৮ পিএম নারায়ণগঞ্জে বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি সরবরাহের সার্বিক ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা প্রশাসক মো: রায়হান কবিরের নির্দেশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়ক এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পাম্প ও ফিলিং স্টেশন গুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এসকল অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে স্টক রেজিস্টার বই যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। সেই সঙ্গে খোলা তেল বিক্রয় করতে নিষেধ করা হয়। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, ঢাকা-চিটাগং মহাসড়কের সাইনবোর্ড এলাকার জোনাকি ফিলিং স্টেশন, ভূইগড় এলাকার ভূইয়া ফিলিং স্টেশন ও শহরের চাষাড়ায় অবস্থিত আসগর ফিলিং স্টেশন বন্ধ অবস্থায় পাওয়া যায়৷ অন্যান্য ফিলিং স্টেশন গুলো পরিদর্শনকালে তাদের রেজিস্টার বই যাচাই করা হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক ডিজেল ও অকটেন বিক্রয়ের তথ্য পাওয়া যায়। ফিলিং স্টেশন গুলোতে মজুদ সীমিত রয়েছে মর্মে তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশনায় সদর উপজেলার বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন গুলোতে অভিযান পরিচালনা করেছি। অভিযান পরিচালনাকালে কোথাও কোনো গরমিল পাওয়া যায়নি। সরকারি নির্দেশনা মেনেই তারা কার্যক্রম পরিচালনা করছেন। শুক্র শনিবার ডিপো বন্ধ থাকায় তেল এর ঘাটতি পরিলক্ষিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, পরিদর্শনকালে দেখা যায় যে, প্রাইম ফিলিং স্টেশন ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রয় করছে। তবে সকল ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সকল বিধি-বিধান মেনে জ্বালানি বিক্রয় করা এবং প্রতিটি ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অন্যদিকে, ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। এ সময় উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে, তবুও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

বন্দর উপজেলার ইউএনও শিবানী সরকার জানান, বন্দর উপজেলার মোট ১০টি পেট্রোল পাম্পে পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। কোন জরিমানা করা হয়নি। খোলা তেল বিক্রি নিষেধ করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। সবগুলো পাম্পই সচল পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জানান, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। খোলা তেল বিক্রয় করতে নিষেধ করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়। ৩টি পাম্প জ্বালানি শূন্য থাকায় বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁওয়ের সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান জানান,
সোনারগাঁ উপজেলার তেলের পাম্পগুলো পরিদর্শনকালে বিসমিল্লাহ পাম্পটি বন্ধ পাওয়া যায়। এছাড়া অন্য পাম্পগুলোতে সরকার নির্ধারিত নিয়মে তেল বিক্রি হচ্ছে।রেজিস্টার ঠিক আছে। তবে প্রতিটি পাম্পেই জ্বালানি প্রায় শেষের দিকে। নতুন সাপ্লাই আসছে না বলে জানা যায়।

রূপগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) জানান, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে বিক্র‍য় স্লিপ ও স্টক যাচাই করা হয়। এসময় যানবাহনের প্যানিক বায়িং প্রবণতা লক্ষ্য করা গেলেও সরকার নির্ধারিত তেলের পরিমাণ বিক্রয়ের ব্যাপারে পাম্প মালিকদের অবগত পাওয়া গেছে। তথাপি আরো সতর্ক করা হয়েছে।খোলা বাজারে তেল বিক্রি নিষেধ করা হয়েছে। ১ টি পাম্প(সেকান্দার ফিলিং স্টেশন) বন্ধ পাওয়া গেছে।

রূপগঞ্জের পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জানান, রুপগঞ্জ উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্টক রেজিস্টার ও বিক্রয় রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়।