নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের আইসিটি শাখার একটি চৌকস টিম মোবাইল হারানোর জিডি তদন্ত সর্বমোট ৭৪টি হারানো মোবাইল উদ্ধার করে।
৪ মার্চ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী উক্ত উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ মোবাইলের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। উদ্ধারকৃত ৭৪টি মোবাইল ফোনের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৪ হাজার ৪১১ টাকা।
উল্লেখ্য যে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে একটি গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলের মোবাইল ভারতের রাজস্থান প্রদেশের একজন ভারতীয় নাগরিকের। মোবাইলটি ভারতের রাজস্থান থেকে হারানোর পরে মোবাইল ফোনের প্রকৃত মালিক নারায়ণগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ জেলার আইসিটি শাখা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে। ইতোমধ্যেই উক্ত মোবাইল ফোনটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট ফেরত দেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ আইসিটি শাখার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ভূক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






































আপনার মতামত লিখুন :