News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নাসিকে খাইরুল বাকেরের নিয়োগ বাতিলের দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৭:৫০ পিএম নাসিকে খাইরুল বাকেরের নিয়োগ বাতিলের দাবী

নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহবায়ক রফিউর রাব্বি ৭ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, খাইরুল বাকের নামে একজনকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পাঠানো হচ্ছে। যিনি ইতোপূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবেনিয়োজিত থেকে শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে প্রেষণে রাজশাহী সিটি কর্পোরেশনে বদলি হয়েছিলেন। রাজশাহি সিটি কর্পোরেশন তাকে গ্রহণ না করায় এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে তাকে পাঠানো হচ্ছে।

গত ৪ মার্চ ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতিমধ্যে যা আমাদের হস্তগত হয়েছে।

আমরা দেখলাম এই খাইরুল বাকেরের দুর্নীতি নিয়ে বিগত সময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যায় তিনি দুর্নীতি করে ছয়’শ কোটি টাকা থেকে দেড় হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এমন একজন ব্যক্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নিয়োগ পেলে নারায়ণগঞ্জের নগরবাসীর দুর্ভোগ বাড়বে বলে আমরা মনে করছি। তাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ পূর্বক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে দুর্নীতিগ্রস্ত খাইরুল বাকেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে গ্রহণ না করার দাবি জানাচ্ছি।