News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যায় প্রধান আসামি সজিব গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৮:৫৭ পিএম বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যায় প্রধান আসামি সজিব গ্রেপ্তার

বন্দরে আলোচিত  হোসিয়ারি শ্রমিক জোবায়ের (১৮) হত্যাকান্ডের প্রধান আসামি সজিব ওরফে নাক্কি সজিবকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১১ জুলাই) ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা হাইওয়ে সংলগ্ন প্রিন্স রেস্তোরাঁ এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১১ এবং র‍্যাব-১০ এর যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত সজিব নারায়ণগঞ্জের বন্দর থানার কল্যান্দী খালপাড় এলাকার দিদার হোসেনের ছেলে।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ৩ জুন রাত সোয়া ৯টায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন হোসিয়ারি শ্রমিক জোবায়ের। বন্দর থানাধীন এনায়েতনগর কল্যান্দী ভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইকারীরা জোবায়েরের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন দাবি করে। জোবায়ের এতে বাধা দিলে ও প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তার কোমরের নিচে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে ভিকটিমের কাছে থাকা একটি রেডমি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন সকালে জোবায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


র‍্যাব-১১ জানায়, ঘটনার পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিতের পর ঢাকা ও নারায়ণগঞ্জের সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মূল হোতা সজিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।