News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

আগামী সপ্তাহে কার্যক্রম শুরু হচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১০:২৬ পিএম আগামী সপ্তাহে কার্যক্রম শুরু হচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক) গঠিত হবার পর এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহ থেকে। নতুন এই কার্যক্রমের সীমানা হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং এর আশেপাশের কিছু এলাকায় কার্যক্রম পরিচালনা করবে নাউক। তবে অতীতের মত রাজউক থেকে যে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে নগরবাসী তেমনটা নাউক থেকে পাবেনা এমনটাই জানিয়েছেন সদ্য নিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এমনটাই জানান মাশুকুল ইসলাম রাজীব। সেই সাথে নারায়ণগঞ্জের সকল শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে বাসযোগ্য এবং সুন্দর নারায়ণগঞ্জ গঠন করতে চান বলে জানান। পাশাপাশি নগরীর অব্যবস্থাপনা ও আইন অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে করনীয়র বিষয়ে বাসিন্দাদের মতামত নিয়েই এগোতে চান বলে জানান রাজীব।

নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করা রাজউক নিয়ে আপত্তি ছিলো বহুদিন ধরেই। বিশেষত রাজউক তার আওতাধীন জায়গাগুলো নানান ভাবে হাতবদল করে তা বিক্রি করে দিয়েছে। এছাড়া সিটি করপোরেশনের সাথে সমন্বয়হীন থাকার কারনে উভয় সংস্থার পাল্টাপাল্টি অবস্থান থাকতো। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র থেকে শুরু করে অনেকেই রাজউক নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করার দাবীও তুলেছিলো।

সময়ের পরিক্রমায় অবশেষে শহর থেকে বিদায় নিচ্ছে রাজউক। দায়িত্ব পাচ্ছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। তবে নাউক যেন রাজউকের নতুন রূপে আবির্ভুত না হয় সেই প্রত্যাশা সকলের। বিশেষত ঘুষ বাণিজ্য, হয়রানি, দালালদের দৌরাত্ম্য, ফাইলে সময় ক্ষেপন, অনুমোদন আটকে রাখাসহ নানাবিধ হয়রানি করা হতো রাজউকের দ্বারা। সেই একই হয়রানি হতে চাননা নগরবাসী। বরং সহজভাবে কাজ হবে এমনটাই চান সবাই।

নতুন চেয়ারম্যান বলেন, আমাদের দেশে আইন না মানার প্রবনতা আছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। যেসব ভবন অনুমোদনহীন ভাবে নির্মান করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলে মানুষ খুশি হবে তা আলাপ আলোচনার মাধ্যমেই নির্ধারন হবে। নগরবাসী যদি বলেন এগুলো ভেঙ্গে দিতে হবে তাহলে আমরা সেই কাজ করবো। আর নগরবাসী যদি বলেন এসবের থেকে জরিমানা আদায় করতে হবে তাহলে সেটাই করবো। আমরা মানুষের সিদ্ধান্তের বাইরে গিয়ে আমাদের নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিব না। তবে নগরকে সঠিকভাবে বিনির্মাণে যা করা দরকার তার সবটাই আমরা করতে চাই।

এদিকে নাউকের কার্যক্রম শুরু হতে যাচ্ছে খানপুরের রাজউক ভবনে। আপাতত রাজউক এবং নাউক উভয়ের কার্যক্রমই চলবে এই অফিসে। কার্যক্রম শুরু হবার পর এরিয়া নির্ধারন করে বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনা জারি করা হবে। এরপর সেই অঞ্চলের যত বাড়ি ঘর, ইমারত, নগর পরিকল্পনার পুরো দায়িত্বই পাবে নাউক। প্রত্যাশা ভবিষ্যতের নারায়ণগঞ্জকে পরিকল্পিত ভাবে গড়ে তোলা হবে সঠিক নীতি নির্ধারনের মধ্য দিয়ে।