নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া ফ্রেশ কোম্পানির প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন (প্রায় ১৩ টন) সয়াবিন তেল ও একটি ট্রাক শুক্রবার সাভার থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মো. আল আমিন গাজী (৩০)কে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা ফ্রেশ কোম্পানি থেকে রংপুরের উদ্দেশ্যে সিলেট-ট ১১-০৬৫৮ নম্বরের একটি ট্রাকে ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যের আনুমানিক মূল্য ছিল ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক মো. আল আমিন গাজী ট্রাকসহ উধাও হয়ে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১০ জুলাই বিকেল ৫টা ২০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭১৬ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তদারকি এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উদ্ধার করা সয়াবিন তেলের পরিমাণ প্রায় ১৩ টন এবং এর বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।





































আপনার মতামত লিখুন :