News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

দেওভোগে মাদ্রাসায় দিনভর লঙ্কাকাণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৯:২০ পিএম দেওভোগে মাদ্রাসায় দিনভর লঙ্কাকাণ্ড

নারায়ণগঞ্জ দেওভোগে জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হেফাজত ও জমিয়ত নেতা হারুন অর রশিদকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। আওয়ামী লীগের ওসমান পরিবার নিয়ন্ত্রিত ওসমানী হেফাজত নেতারা লোকজন নিয়ে মাদ্রাসার সামনে বিক্ষোভ করেছে। পরে বিএনপি নেতারা এসে সমাধানের চেষ্টা করেন।

৫ জুলাই রবিবার দুপুর ১২টা হতে সন্ধ্যা ৬টা অবধি ওই আন্দোলনের সময়ে মাদ্রাসার ছাত্ররা মসজিদ কমিটির সভাপতি হেদায়েতুল্লাহসহ মোহাম্মদ মানিক, সাজ্জাদ দেওয়ান ও কমিটির অন্যান্য সদস্যকে মাদ্রাসার অভ্যন্তরে অবরুদ্ধ করে রাখে।

সংবাদ পেয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাদের উদ্ধারের উদ্দেশ্যে মাদ্রাসার প্রধান ফটক ভেঙে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাদ্রাসার অভ্যন্তরে অবস্থানরত আনুমানিক কয়েক হাজার ছাত্র এবং বাইরে অবস্থানরত প্রায় ৬ শতাধিক মুসল্লি “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” স্লোগান দিলে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে।

পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও ডিবি মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টির নিষ্পত্তি না হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, সদর উপজেলার এসিল্যান্ড, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটি ও মাদ্রাসা কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রায় ২ ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়।

একই সময়ে জাকির খানের গাড়িতে চড়ে আসতে দেখা যায় বহুল বিতর্কিত হেফাজত নেতা মাওলানা ফেরদাউসুর রহমানকে।

আলোচনায় প্রাথমিকভাবে নিম্নোক্ত বিষয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ঐকমত্য হয়। এর মধ্যে বর্তমান মুহতামিম আবু তাহের জিহাদীর সিদ্ধান্ত। মুফতি হারুন অর রশিদকে পুনর্বহালের বিষয় বিবেচনা। বিদ্যমান কমিটি বাতিল করে গ্রহণযোগ্য নতুন কমিটি গঠন। মাদ্রাসার মেসে ছাত্রদের খাদ্যের মানোন্নয়ন। পর্যাপ্ত টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন।

এ বিষয়ে মহানগর বিএনপির নেতা জাকির খান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মর্মে জানা যায়।

আলোচনা শেষে উপস্থিত সকল পক্ষ সিদ্ধান্ত মেনে শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।