News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত, সড়ক অবরোধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৮:৩৪ পিএম বয়লার বিস্ফোরণে শ্রমিক আহত, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭জন শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক এক ঘন্টা অবরোধ করে রেখেছিলেন শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানার অন্তত ১০জন স্টাফকে মারধর করে আহত করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে শ্রমিকদের কারখানায় ফিরিয়ে দেয়। শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ফতুল্লার পাগলা তালতলা এলাকায় পুরাতন সড়কের পাশে অবস্থিত নির্ঝর নিটওয়্যার গার্মেন্টসে এঘটনা ঘটে।

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন, শাহীন (২৫), জাকির হোসেন (২৫), ক্লিনার সাবিনা বেগম (৩৪), মঞ্জু মিয়া (২৮), আরিফিন (২২), হৃদয় (২৭) ও  অন্তঃসত্ত্বা খাদিজা (২০)।

শ্রমিকরা জানান, কারখানার বয়লারটি অনেক পুরানো। এজন্য মালিকপক্ষকে বারবার অনুরোধ করা হয়েছে বয়লার পাল্টানোর। কিন্তু মালিকপক্ষের কেউ শ্রমিকদের অনুরোধ রাখেনি। সেই বয়লার সকাল ৯টার দিকে শ্রমিকরা যখন কাজে ব্যস্ত তখন বয়লারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এতে একজন  অন্তঃসত্ত্বা নারী শ্রমিকসহ ৭জন আহত হয়। তাদের দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে মালিকপক্ষের সাথে আলোচনা করে আহতদের চিকিৎসার দায়ীত্ব নেয়ায় সড়ক অবরোধ ছেড়ে দেয়া হয়। একই সাথে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এমন মেশিন কারখানা থেকে পাল্টানোর আশ্বাস দিয়েছে মালিকপক্ষ।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দূর্ঘটনা ঘটতো না। মালিকপক্ষও আমাদের জানিয়েছে তারা দ্রুতই বয়লারটি পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন। অর্থনৈতিক কারনে বয়লারটি তাৎক্ষনিক পাল্টানো হয়নি। কারখানাটিতে প্রায় ৪শ শ্রমিক ও ৫০জন স্টাফ রয়েছে। কারখানার মালিক মালিক নুরুল আমিন সুমনের সাথে শ্রমিকদের নিয়ে আলোচনা করে সমাধান করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে ফিরে গিয়েছে।