News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

গৃহবধূকে হত্যাচেষ্টার ৩ দিন পর গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৯:৪৮ পিএম গৃহবধূকে হত্যাচেষ্টার ৩ দিন পর গ্রিল মিস্ত্রি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় লেজার্স আবাসিক এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা এবং স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত গ্রিল মিস্ত্রি আক্তার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ১৯ জুন সকালে ভিকটিমের বাড়ির আশেপাশে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করার সময় স্থানীয় জনতা তাকে চিনে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ভুক্তভোগী মমতাজ আক্তার (৫০) লেজার্স আবাসিক এলাকায় নিজ বাড়িতে একাই বসবাস করেন। তাঁর ছেলে প্রবাসে এবং মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। বাড়ির তিন তলার কাজ চলমান থাকায় গ্রিল মিস্ত্রি আক্তার হোসেনের সাথে তাঁর প‚র্ব পরিচয় ছিল। গত ১০ জুন আক্তার মেরামতের কথা বলে মমতাজ আক্তারকে ফোন দেয়। পরে গত ১৬ জুন দুপুরে সে সুকৌশলে মমতাজ আক্তারের তিন তলার ফ্ল্যাটে প্রবেশ করে।

বাদী অভিযোগ করেন, সেদিন তিনি আক্তারকে পানি দিতে রান্নাঘরে গেলে পাষণ্ড আক্তার তাঁর পিছু নেয় এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। আক্তার মমতাজ আক্তারের গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছুরির আঘাতে মমতাজ আক্তারকে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁকে একটি ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ ৫০-৬০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, একটি দামী স্মার্টফোন ও টেবিল ফ্যানসহ ম‚ল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় আক্তার। যাওয়ার সময় বিষয়টি পুলিশকে জানালে প্রাণনাশের হুমকি দেয় সে।

লুটপাটের তিন দিন পর আজ (শুক্রবার) সকালে আক্তার পুনরায় ওই এলাকায় ওত পেতে থাকলে এলাকাবাসী তাকে চিনে ফেলে এবং ধাওয়া দিয়ে আটক করে। খবর পেয়ে বন্দর ফাঁড়ির এএসআই তাপস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার হাত থেকে আসামিকে উদ্ধার করেন। জনরোষে আহত আক্তারকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে রাখা হয়েছে।

বন্দর থানা পুলিশ জানায়, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী মমতাজ আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।